মোজতবা খামেনি হয় মৃত নয়তো সংকটাপন্ন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান শাসনব্যবস্থা ও সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হয়তো মারা গেছেন বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। ট্রাম্পের মতে, এই মুহূর্তে ইরানে কার্যকর কোনো নেতৃত্ব নেই।
গত বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ট্রাম্প এসব মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। সাবেক সর্বোচ্চ নেতা নিহত, এবং মোজতবা খামেনিও হয়তো মারা গেছেন বা বেঁচে থাকার লড়াই করছেন। এছাড়া তিনি জানান, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী অকার্যকর হয়ে পড়েছে। পারস্য উপসাগরে তাদের নৌ-শক্তি নিশ্চিহ্ন এবং আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গেছে।
ট্রাম্প আরও বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এমন ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে যা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের প্রতিরক্ষা শিল্প বলতে আর কিছুই থাকবে না।”
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কিছু সদস্য। মোজতবা খামেনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে আছেন। মার্কিন সংবাদমাধ্যম তাকে গুরুতর আহত হিসেবে বর্ণনা করলেও, ইরানি সূত্র অনুযায়ী তার আঘাত প্রাণঘাতী নয়।
১২ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে উন্নত চিকিৎসার জন্য মোজতবা খামেনিকে মস্কোর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্র : এএফপি