বিএফটিআই ও আইসিডিটি স্বাক্ষর করলো সমঝোতা স্মারক

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইসলামিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অব ট্রেড (আইসিডিটি) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান শক্তিশালী করতে সহায়ক হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) মরক্কোর কাসাব্লাঙ্কায় আইসিডিটির কার্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং আইসিডিটির মহাপরিচালক লতিফা এলবুয়াবদেল্লাউই নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ও আইসিডিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিনিধিদল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দিয়েছে। এই MoU-এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ধারণা, বিশেষজ্ঞ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি পেশাজীবীরা আইসিডিটির বিভিন্ন কার্যক্রমে সরাসরি অবদান রাখতে পারবেন।
আইসিডিটির মহাপরিচালক লতিফা এলবুয়াবদেল্লাউই এই সমঝোতা স্মারককে “ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে অভিহিত করে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ আইসিডিটি বাংলাদেশকে বিভিন্ন বাণিজ্য উন্নয়ন কার্যক্রমে ‘পাইলট দেশ’ হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। এছাড়া ঢাকাকে আঞ্চলিক বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন যে, প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর এই সমঝোতা স্মারক ভবিষ্যতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আরও সম্প্রসারিত করা যাবে।