বড় পতন সোনার দামে, ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এখন দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকা।
শুক্রবার প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় এসেছে। চলতি মাসের শুরুতে বৈশ্বিক অস্থিরতার কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে তা কমতে শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৪৬৪ ডলারে।
এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন দেখা যায়, যার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড দামে পৌঁছায় সোনা। তবে সাম্প্রতিক এই পতনে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।