ইরান ইস্যুতে ‘জয়ের’ দাবি ট্রাম্পের, যুদ্ধবিরতির প্রস্তাবও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ‘জয়’ অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠানোর কথাও জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম।
মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে এবং ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানঘাঁটি ও সামরিক অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। পাশাপাশি কিছু মার্কিন গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, বাস্তবতার সঙ্গে সংবাদ পরিবেশনের মিল নেই।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং বর্তমান নেতৃত্ব আগের তুলনায় ভিন্ন অবস্থানে রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা—ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফসহ সংশ্লিষ্টরা—ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। এর পরপরই যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
সংঘাতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মৃত্যুর পাশাপাশি বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই সঙ্গে হতাহতের সংখ্যাও বেড়ে চলেছে।
অন্যদিকে, ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে বলেও জানা গেছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
সূত্র : এএফপি