টানা দ্বিতীয় দিনে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা

দেশের স্বর্ণবাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যরেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারিত রয়েছে।
এর আগে বৃহস্পতিবারও বাজুস সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমানো হয়েছে।