২ মার্চ ইসির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক

আগামী ২ মার্চ (সোমবার) সারাদেশে পালিত হবে ‘৮ম জাতীয় ভোটার দিবস’। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে ঢাকায় কর্মরত নির্বাচন কমিশনের (ইসি) সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশ অনুযায়ী, ২ মার্চ সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে। এরপর র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন রয়েছে। ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।
সকাল ৯টার মধ্যে নির্বাচন ভবনের সামনে সাতটি নির্ধারিত দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে সমবেত হতে বলা হয়েছে। এসব দপ্তরের মধ্যে রয়েছে— নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ইসি সচিবালয়ের অধীন সব প্রকল্প, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং ঢাকা মহানগর এলাকার সব থানা নির্বাচন অফিস।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হয়েছে এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার বিষয়ে কোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।