শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আইজিপি স্মরণ করলেন ছাত্রজীবনে নিজের ছিনতাইয়ের ঘটনা

আইজিপি স্মরণ করলেন ছাত্রজীবনে নিজের ছিনতাইয়ের ঘটনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে দীর্ঘদিনের অপরাধপ্রবণ অঞ্চল হিসেবে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ছাত্রজীবনে তিনিও এ এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় মোহাম্মদপুরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

আইজিপি বলেন, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি। সেই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এলাকাটিতে বহু বছর ধরেই বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

পুলিশপ্রধান আশা প্রকাশ করেন, বাড়তি তৎপরতার ফলে পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, রাজধানীতে ফুটপাত দখলের পর এখন সড়ক দখলের ঘটনাও বাড়ছে, যা নাগরিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

আইজিপি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। অপরাধী যে-ই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন