উন্নয়নের তিন অগ্রাধিকার ঘোষণা তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নির্বাচনের পর স্থানীয় উন্নয়ন পরিকল্পনার তিনটি প্রধান অঙ্গীকার তুলে ধরেছেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং মাদক-সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ—এই তিন ক্ষেত্রকে তিনি অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সার্কিট হাউজে এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, তিনি প্রতিশ্রুতি দিতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী। জনগণের সহযোগিতায় একটি আধুনিক, নিরাপদ ও উন্নত এলাকা গড়ে তোলাই তার লক্ষ্য।
প্রথম অগ্রাধিকার হিসেবে গ্রামীণ সড়ক ও জনপদ অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি। ভাঙাচোরা ও কাঁচা সড়ক দ্রুত সংস্কার, গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় স্থানে সেতু-কালভার্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তার মতে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্কুল-কলেজ, মসজিদ ও মাদরাসায় আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ, শ্রেণিকক্ষ সংস্কার, শিক্ষক সংকট নিরসন এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে কাজ করা হবে।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তা কার্যক্রম বাড়ানোর কথাও জানান তিনি। পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ের ওপর জোর দেন।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেন মন্ত্রী। তিনি বলেন, যুবসমাজকে সুরক্ষিত রাখতে হলে মাদক নির্মূল অপরিহার্য। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার, সচেতনতা কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল-১ আসনকে একটি শান্তিপূর্ণ ও টেকসই উন্নয়নের মডেলে পরিণত করা সম্ভব হবে।