শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রাজধানীর গুলশানে জুলাই আন্দোলনের সময় আবুজর শেখ (২৪) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বেআইনি সমাবেশ গঠন ও উগ্র বলপ্রয়োগের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনে সম্পৃক্ত ছিলেন। তবে অভিযোগপত্রটি আদালত গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি।
এটিইউ’র উপ-পরিদর্শক ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণিতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১৬ নভেম্বর নিহতের মা ছবি খাতুন গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে ২৭ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বর্তমানে মামলার তিন আসামি কারাগারে রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। এখন অভিযোগপত্র গ্রহণ ও পরবর্তী আইনি পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।