বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের দায়িত্বভার গ্রহণ আজ

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর হিসেবে যোগদান করেছেন মোস্তাকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। নতুন গভর্নরকে স্বাগত জানাতে ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের মূল ফটকে উপস্থিত ছিলেন।
গভর্নর হিসেবে আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি অর্থ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে কেন্দ্রীয় ব্যাংকে আসেন। প্রজ্ঞাপনের পরদিনই এটি তার প্রথম দিন কেন্দ্রীয় ব্যাংকে।
গতকাল বিকেলে আগের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে চুক্তি বাতিলের পর সরকার প্রজ্ঞাপন জারি করে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে চার বছরের চুক্তিতে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ধারায় মোস্তাকুর রহমানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিশেষ দক্ষতা রয়েছে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুশাসন ক্ষেত্রে। এছাড়া তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন।
মোস্তাকুর রহমান ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব এবং আটাবের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সদস্য। এছাড়া তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ফেলো মেম্বার। নতুন গভর্নরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।