গভর্নর বদল ‘স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া’, বলেছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নতুন সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। নতুন সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন স্থানে পরিবর্তন আনা হয়, এবং প্রয়োজনে ভবিষ্যতেও পরিবর্তন চলবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, “বিবেচনার তো কিছু নেই। নতুন সরকার আসছে। তাদের প্রায়োরিটি অনুযায়ী স্বাভাবিকভাবেই পরিবর্তন হচ্ছে। শুধু বাংলাদেশ ব্যাংকেই নয়, অনেক জায়গায় পরিবর্তন হচ্ছে এবং প্রয়োজনবোধে আরও হবে।”
তিনি আরও বলেন, “নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, পছন্দ ও নীতিগত ভাবনা রয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া।”
এর আগে, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোস্তাকুর রহমানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বকালে তিনি সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুযায়ী ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের আগস্টে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় তাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
এ পরিবর্তনের বিষয়ে অর্থমন্ত্রী বারবার জোর দিয়ে বলেন, এটি একেবারেই স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং প্রয়োজনবোধে ভবিষ্যতেও এমন পরিবর্তন অব্যাহত থাকবে।