বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলন করতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংকের একীভূত হওয়ার পর গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে তাদের আমানত উত্তোলন করতে পারবেন। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের অনুযায়ী, চলতি বা সঞ্চয়ী হিসাবের মধ্যে দুই লাখ টাকার বেশি জমা থাকলে, পরবর্তীতে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা উত্তোলন করা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস বা ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যক্তিগত আমানতকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে। এ ক্ষেত্রে ব্যাংক রেটের তুলনায় ১ শতাংশ কম হারে, অর্থাৎ ৩ শতাংশ মুনাফা প্রদান করা হবে।
ব্যক্তিগত আমানতকারীরা দুই বছর পর তাদের সম্পূর্ণ আমানত উত্তোলন করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রতিষ্ঠানিক কর্মকর্তা-কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার, বহুজাতিক কোম্পানি, রেজুলেশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসের ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে।
চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে, তিন মাস মেয়াদি আমানত তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়নের পর উত্তোলনের সুযোগ পাবেন। ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানত দুইবার নবায়নের পর উত্তোলন করা যাবে।
উল্লেখ্য, আজ বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে থাকায় কোনো লেনদেন হয়নি। তাই বৃহস্পতিবার থেকে টাকার উত্তোলনের কার্যক্রম শুরু হবে।