২৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ৩৬ হাজার কোটি টাকা

চলতি মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসী আয় (রেমিট্যান্স)। ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৯৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৫ হাজার ৮১৯ কোটি ২০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের ২৮ দিনে প্রাপ্ত এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয়।
চলতি অর্থবছরের (২০২৫–২৬) জুলাই থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪১ কোটি ৬০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১ হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।
এর আগে, গত অর্থবছরের রমজানের ঈদকে কেন্দ্র করে এক মাসেই দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর ওপর প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকার কারণেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছায়, যা ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড ছিল। পুরো অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
এর আগের ২০২৩–২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।