বুধবার ব্যাংকিং লেনদেন ও শেয়ার কেনাবেচা বন্ধ

ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এদিন ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকবে শুধুমাত্র অভ্যন্তরীণ দাপ্তরিক কাজে, তবে গ্রাহক পর্যায়ে নগদ জমা–উত্তোলন, অনলাইন বা শাখাভিত্তিক কোনো লেনদেন পরিচালিত হবে না।
ব্যাংকিং লেনদেন বন্ধ থাকার পাশাপাশি একই কারণে বন্ধ থাকবে দেশের প্রধান দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ফলে শেয়ার কেনাবেচা, ব্লক মার্কেট, আইপিও সাবস্ক্রিপশনসহ সব ধরনের পুঁজিবাজার কার্যক্রম স্থগিত থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে ব্যাংক ও শেয়ারবাজার যথারীতি চালু হবে এবং স্বাভাবিক নিয়মে লেনদেন ও বাজার কার্যক্রম পরিচালিত হবে।
ব্যাংক হলিডের কারণে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা আগেই সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর-এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হয়। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা ও বার্ষিক হিসাবনিকাশ সমাপ্ত করার লক্ষ্যে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।
প্রথা অনুযায়ী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকে। তবে এ সময় ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলমান থাকে। আর্থিক হিসাব মেলানোর প্রয়োজনে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও কোনো গ্রাহক লেনদেন সম্পন্ন করা হয় না।
ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন পরিচালনা করে না। তবে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করতে পারবেন।
অন্যদিকে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারেও লেনদেন স্থগিত থাকে। সে অনুযায়ী আগামীকাল বুধবার ডিএসই ও সিএসইতে শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে এদিনও পুঁজিবাজারে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।