এইচআইভি সংক্রমণের অন্যান্য কারণ ও সতর্কতা

এইচআইভি (HIV - Human Immunodeficiency Virus) হলো একটি ভাইরাস যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আক্রমণ করে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এটি এমন একটি ভাইরাস যা শরীর থেকে কখনোই সম্পূর্ণরূপে নির্মূল হয় না।
এইচআইভি সংক্রমণের শেষ ধাপ বা চূড়ান্ত অবস্থাকে এইডস (AIDS - Acquired Immunodeficiency Syndrome) বলা হয়। যখন ভাইরাসটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়, তখন একজন ব্যক্তি সহজেই বিভিন্ন সংক্রমণ এবং রোগের শিকার হন।
এইচআইভি যেভাবে ছড়ায়
এইচআইভি প্রধানত চারটি প্রক্রিয়ায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয়:
১. অনিরাপদ যৌন সম্পর্ক: এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে কনডম ছাড়া যেকোনো ধরনের যৌন সম্পর্ক (যৌনিপথ, পায়ু বা মুখপথের) স্থাপনের মাধ্যমে এটি সবচেয়ে বেশি ছড়ায়।
২. রক্ত আদান-প্রদান: আক্রান্ত ব্যক্তির রক্ত বা রক্ত উপাদান গ্রহণ করলে এইচআইভি ছড়াতে পারে।
৩. সুঁই বা সিরিঞ্জের ব্যবহার: মাদক সেবনের জন্য ব্যবহৃত একই সুঁই একাধিক ব্যক্তি ব্যবহার করলে বা জীবাণুমুক্ত নয় এমন চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করলে।
৪. মা থেকে শিশু: এইচআইভি আক্রান্ত মায়ের গর্ভাবস্থায়, প্রসবের সময় বা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুর মধ্যে এটি ছড়াতে পারে।
এইচআইভি যেভাবে ছড়ায় না
- সাধারণ সামাজিক মেলামেশায় এইচআইভি ছড়ায় না। যেমন:
- এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে কথা বললে, হাত মেলালে বা আলিঙ্গন করলে।
- একই বাথরুম, টয়লেট, সুইমিং পুল ব্যবহার করলে।
- একই গ্লাস বা প্লেটে খাবার খেলে।
- মশা বা পোকামাকড়ের কামড়ে।
লক্ষণ
এইচআইভি সংক্রমণের প্রাথমিক পর্যায়ে সাধারণত ফ্লু-এর মতো উপসর্গ দেখা দিতে পারে, যেমন জ্বর, গলা ব্যথা, ক্লান্তি বা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। এই লক্ষণগুলো কিছুদিন পর চলে যায় এবং অনেক বছর পর্যন্ত আক্রান্ত ব্যক্তি নিজেকে সুস্থ মনে করতে পারেন, যদিও ভাইরাসটি শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে থাকে।
চিকিৎসা ও প্রতিরোধ
এইচআইভি নিরাময়যোগ্য নয়, অর্থাৎ এটি সম্পূর্ণ ভালো হয় না। তবে বর্তমানে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART) নামে চিকিৎসা পদ্ধতি রয়েছে। সঠিক সময়ে এই চিকিৎসা শুরু করলে এবং নিয়মিত ওষুধ খেলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন এবং ভাইরাসের মাত্রা রক্তে এতটাই কমিয়ে আনা সম্ভব হয় যে তা অন্যদের মধ্যে ছড়ানোর ঝুঁকি প্রায় থাকে না।
প্রতিরোধের মূল উপায় হলো সচেতনতা বৃদ্ধি এবং অনিরাপদ আচরণ এড়িয়ে চলা। যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা, মাদকাসক্তি পরিহার করা এবং রক্ত পরিসঞ্চালনের আগে রক্ত পরীক্ষা করা জরুরি।
দৈএনকে/জে, আ