এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার মধ্যে এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি কিছুটা কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। একই সঙ্গে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় তিন দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিবন্ধে আমোদেই বলেন, এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি কমানো প্রয়োজন। এতে পাওয়া অতিরিক্ত সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ঝুঁকি মূল্যায়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তার প্রস্তাবিত তিন দফা পরিকল্পনার মধ্যে রয়েছে—এআই প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে স্বাধীন মূল্যায়নকারী নিয়োগ, শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপত্তা মানদণ্ড নির্ধারণে সমন্বয় এবং এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
অ্যানথ্রোপিকের এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন এক্সএআইয়ের সিইও ইলন মাস্ক ও ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। অল্টম্যান জানান, স্বাধীন মূল্যায়নকারীদের প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশাধিকার দেওয়ার ধারণাটি কার্যকর এবং ওপেনএআইও এ ধরনের পদক্ষেপ নেবে।
সম্প্রতি অ্যানথ্রোপিকের প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে তাদের ক্লড এআই মডেলকে অস্ত্র তৈরি, সাইবার হামলা, নজরদারি ও প্রতারণার মতো কাজে অপব্যবহারের তথ্য উঠে আসে। এর পরই আমোদেই এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণের প্রস্তাব দেন।
আমোদেইয়ের আশঙ্কা, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়তে থাকলে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেই স্বায়ত্তশাসিত এআইয়ের এমন কোনো ‘ঝাঁক’ তৈরি হতে পারে, যা ইন্টারনেটের বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা অর্জন করবে এবং এতে কয়েক শ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।
তবে তিনি এআই প্রশিক্ষণ বা প্রযুক্তিগত উন্নয়ন পুরোপুরি বন্ধ করার কথা বলেননি। বরং মডেলের নিরাপত্তা ও লক্ষ্য নির্ধারণে পর্যাপ্ত সময় দেওয়া এবং প্রতিটি ধাপ স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করার ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে এআই শিল্পে তীব্র প্রতিযোগিতার মধ্যে ওপেনএআই ও অ্যানথ্রোপিক বড় ধরনের আইপিওর প্রস্তুতি নিচ্ছে। ফলে নতুন সক্ষমতা অর্জন ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে বড় আর্থিক স্বার্থও জড়িত রয়েছে। আমোদেই মনে করেন, এ পরিস্থিতিতে এআই প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছায় সমন্বিতভাবে নিরাপত্তার সর্বজনীন মানদণ্ড তৈরি করা প্রয়োজন।