‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। মিষ্টি হাসি, অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও দর্শকের কাছে এখনও পরিচিত মুখ এই অভিনেত্রী। বর্তমানে স্বামী-সন্তানকে নিয়ে অনেকটাই আড়ালে সময় কাটাচ্ছেন পপি।
১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নব্বইয়ের দশকে নিজের অবস্থান আরও শক্ত করেন।

ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংসহ বিভিন্ন জায়গায় পপির সঙ্গে তার মাকে দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে এসেছে। পপির মায়ের পক্ষ থেকেও বিভিন্ন গণমাধ্যমে মেয়েকে নিয়ে নানা অভিযোগ করা হয়েছে।
এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের পারিবারিক সম্পর্ক ও শৈশবের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন পপি। সেখানে তিনি দাবি করেন, যাকে এতদিন মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, তিনি আসলে তার সৎমা। তার ভাষ্য, এই সম্পর্ক থেকে পাওয়া মানসিক আঘাত এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি।
কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি। কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে, ততই চাহিদা বেড়েছে।’

অভিনেত্রীর দাবি, দীর্ঘদিন ধরে পরিবারের প্রত্যাশা ও চাপের মধ্যে তাকে থাকতে হয়েছে। নিজের উপার্জনকে কেন্দ্র করে পরিবারের চাহিদা ক্রমেই বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পপি আরও বলেন, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণ আঘাত পেয়েছি, সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি।’
তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর আবারও আলোচনায় এসেছে অভিনেত্রীর পারিবারিক সম্পর্কের বিষয়টি। তবে পপির করা এসব অভিযোগের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন। একসময় নিয়মিত সিনেমায় দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি অনেকটাই আড়ালে রয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও এবার নিজের অভিজ্ঞতা ও কষ্টের কথা সরাসরি তুলে ধরলেন এই অভিনেত্রী।