ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৫২ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৭৬ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৪ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে ৩০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, খুলনায় ২৭৫, ময়মনসিংহে ৯৩, রাজশাহীতে ১০৪, রংপুরে ৭৩ এবং সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৫১ হাজার ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৮ হাজার ৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।