সেপ্টেম্বরের ১১ দিনেই আগস্টের চেয়ে বেশি ডেঙ্গু মৃত্যু

দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১১ দিনেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পুরো আগস্ট মাসের মৃত্যুকে ছাড়িয়ে গেছে। এ সময়ে মারা গেছেন ৪৪ জন। আর আগস্টজুড়ে মৃত্যু হয়েছিল ৪৩ জনের।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।
এরপর ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান। চলতি সেপ্টেম্বরের ১১ দিনেই প্রাণহানি হয়েছে ৪৪ জনের। ৮ সেপ্টেম্বর একদিনেই সর্বোচ্চ ৯ জন ডেঙ্গুতে মারা যান।
মৃতদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৪১ জনের মধ্যে ৫২ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ৯ শতাংশ পুরুষ।
ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে। সেখানে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৮ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে আটজন মারা গেছেন।
এ ছাড়া খুলনায় ২৫ জন, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
বাড়ছে হাসপাতালে ভর্তি
মৃত্যুর পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। আগস্টে সারা দেশে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি সেপ্টেম্বরের প্রথম ১১ দিনে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৩৭৪ জন।
৮ সেপ্টেম্বর একদিনেই সর্বোচ্চ ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪ এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
সব মিলিয়ে চলতি বছর ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ২২০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন।