শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে ক্যালিফোর্নিয়ায় নতুন বিধিনিষেধ

শিশুদের সামাজিকমাধ্যমে আসক্তি ও প্রযুক্তিনির্ভর নানা ঝুঁকি থেকে সুরক্ষা দিতে নতুন বিধিনিষেধ চালু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। নতুন আইনে ১৬ বছরের কম বয়সীদের এমন কিছু ফিচার থেকে দূরে রাখার ব্যবস্থা করা হয়েছে, যেগুলো অতিরিক্ত ব্যবহার ও মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে শিশুদের সুরক্ষায় আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম শিশুদের প্রযুক্তিগত ঝুঁকি থেকে সুরক্ষায় ১৩টি বিলে স্বাক্ষর করেন। এসব আইনে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন বিধান অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী শিশুদের এমন ‘মনস্তাত্ত্বিকভাবে শোষণমূলক’ ফিচারের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে, যেগুলো ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়িয়ে বাধ্যতামূলক ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে। এর মধ্যে রয়েছে অসীম স্ক্রল, স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়াসহ বিভিন্ন ফিচার।
গভর্নর গ্যাভিন নিউসম বলেন, প্রযুক্তি শিশুদের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত, তাদের দুর্বলতাকে কাজে লাগানোর জন্য নয়। শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করাই এসব আইনের অন্যতম লক্ষ্য।
নতুন বিধিনিষেধগুলোর একটি ‘অ্যাডামস ল’ নামে পরিচিত। ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের স্মরণে আইনটির নামকরণ করা হয়েছে। তার বাবা-মায়ের অভিযোগ, ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যার আগে কয়েক মাস চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় তার আত্মহত্যাপ্রবণ চিন্তাকে সমর্থন করা হয়েছিল। তবে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে তারা কাজ করছে।
এ ছাড়া ১৮ বছরের কম বয়সী কাউকে যৌন কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে ডিজিটালভাবে পরিবর্তিত বা এআই দিয়ে তৈরি কনটেন্টকেও শিশু যৌন নিপীড়নসংক্রান্ত অপরাধের আওতায় আনার বিধান করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার নতুন উদ্যোগটি শিশু সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করলেও এর সমালোচনাও রয়েছে। ডিজিটাল অধিকার সংগঠন ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (ইএফএফ) বলেছে, এসব আইন তরুণদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।