রাউজানে দিল মোহাম্মদ মাষ্টারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও বৃত্তি প্রদান

রাউজান পৌরসভার পশ্চিম গহিরায় মরহুম দিল মোহাম্মদ মাষ্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে দিল মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকন। ফাউন্ডেশনের যুগ্ম সচিব মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও এসজেডএম ট্রাস্টের উপদেষ্টা ড. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মোকসেদুর রহমান, প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসেন, শিক্ষক বটন কুমার দে, সাবেক সমন্বয়ক শফিউল আলম মানিক, ইকবাল হোসেন চৌধুরী ও ইমাম উদ্দিন আলিফ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান মাওলানা হাফেজ আবুল কালাম। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রধান অতিথি ড. জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, “শিক্ষার আলোয় আলোকিত সমাজ গঠনে দিল মোহাম্মদ ফাউন্ডেশনের এ ধরনের মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বৃত্তি তুলে দেন।