বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বেতনবৃদ্ধি নিয়ে উত্তেজনা ইন্দোনেশিয়ায়, চীন সফর বাতিল প্রেসিডেন্টের

বেতনবৃদ্ধি নিয়ে উত্তেজনা ইন্দোনেশিয়ায়, চীন সফর বাতিল প্রেসিডেন্টের
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির বিরোধিতা করে কয়েকদিন ধরে চলা বিক্ষোভ ক্রমেই অশান্তিতে রূপ নিয়েছে। রাজধানী জাকার্তার বাইরে অন্তত চারটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করলেও সহিংসতা ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। বিক্ষোভের তীব্রতার কারণে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তাঁর পরিকল্পিত চীন সফর বাতিল করেছেন এবং দেশজুড়ে পরিস্থিতি স্থিতিশীল করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো ক্ষয়ক্ষতি ও আহতদের সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তিনি দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন। ফলে বুধবার চীনে অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না।

সম্প্রতি বিক্ষোভ সহিংসতায় মাকাসারে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সিরেবোনে পার্লামেন্ট অফিসে ভাঙচুর ও লুটপাট হয়েছে। পেকালংগান ও ওয়েস্ট নুসা তেংগারায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। বালিতেও শনিবার বিক্ষোভ হয়েছে।

এদিকে সরকার বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিক্ষোভকে উসকে দেওয়া হচ্ছে। এ কারণে টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে।

বিক্ষোভের মধ্যে নাসদেম দলের সংসদ সদস্য আহমেদ সারোনি বেতনভাতা নিয়ে সমালোচনাকারীদের ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড’ বলায় ক্ষোভ আরও বেড়ে গেছে। পরে তার বাড়িতে লুটপাট চালায় বিক্ষোভকারীরা।

বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সরকারের এক বছরের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র : রয়টার্স


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন