বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj

হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম

হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হুমকি-ধমকি দিয়ে বিএনপিকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার মোকামতলায় উপজেলা বিএনপি আয়োজিত মশাল মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছে। জনগণের সমর্থন নিয়ে দলটি সরকার গঠন করেছে। তাই কোনো ধরনের হুমকি-ধমকিতে বিএনপি পিছিয়ে যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের কথিত দেশবিরোধী তৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, লংমার্চের নামে মহাসড়ক ব্যবহার করা হলেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তেমন সাড়া দেখা যায়নি। পায়ে হেঁটে কর্মসূচি পালনের কথা বলা হলেও সেখানে বিপুলসংখ্যক গাড়ি ব্যবহারের অভিযোগও করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচির মধ্যে অসঙ্গতি রয়েছে। সংসদে এক ধরনের বক্তব্য এবং সংসদের বাইরে ভিন্ন বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সমালোচনা করেন।

একটি রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে মীর শাহে আলম বলেন, তারা বিভিন্নভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করতেই এমন তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তবে দেশের মানুষ এসব বিষয়ে সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই এসব কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।

এ সময় স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মোকামতলাসহ বগুড়ার বিভিন্ন এলাকার উন্নয়নে সরকার কাজ করছে। দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়।

সমাবেশ শেষে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন