ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে এটিই তার প্রথম সফর বলে সরকারি সফরসূচিতে জানানো হয়েছে।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মুহুরী ও কহুয়া নদীকে কেন্দ্র করে নেওয়া প্রকল্পটির মূল লক্ষ্য বন্যার ক্ষয়ক্ষতি কমানো, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি ও সেচ সুবিধা বাড়ানো। প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীর বন্যাপ্রবণ ও নদীতীরবর্তী এলাকার সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ জানান, ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ বাস্তবায়ন করা হচ্ছে। একনেকে অনুমোদিত প্রকল্পটির আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৮৩ কিলোমিটারের বেশি নদী পুনঃখনন এবং ১১ কিলোমিটারের বেশি নদীতীর প্রতিরক্ষা কাজ করা হবে। পাশাপাশি একটি হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়তার কর্মসূচিও রয়েছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে তার। সেখানে কৃষকদের জন্য সহায়তা কার্যক্রমও থাকবে।
এ ছাড়া সফরকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মসূচির অংশ হিসেবে ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি ভাতা কার্যক্রম নিয়েও আনুষ্ঠানিকতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ফেনীর বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নদী ও বাঁধকেন্দ্রিক অবকাঠামো। নতুন প্রকল্পের মাধ্যমে বিদ্যমান বাঁধের পুনর্বাসন, নদী পুনঃখনন ও তীর সংরক্ষণের পাশাপাশি পানি ব্যবস্থাপনায় নতুন অবকাঠামো যুক্ত হবে।
পরশুরাম, ফুলগাজীসহ জেলার বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি টেকসই বাঁধ, দ্রুত পানি নিষ্কাশন এবং কার্যকর সেচব্যবস্থা। বড় অঙ্কের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব ক্ষেত্রে কতটা পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর স্থানীয়দের।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।