সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যথাযথ ওটিপি ছাড়া কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. তোফায়েল হোসেন এতে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনুমোদনবিহীন এ ধরনের প্রবেশ সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এ ছাড়া অননুমোদিত ব্যক্তিদের প্রবেশের কারণে সরকারি দাফতরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সচিবালয়ে আসা প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।