শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে ভিওএ কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত

    ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে ভিওএ কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকা (ভিওএ) সংবাদমাধ্যমে বড় ধরনের চাকরিচ্যুতি ঘোষণা করা হয়েছে। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ সাংবাদিককে বরখাস্ত করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। খবর বিবিসির।

    সংবাদ অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে ব্যয় কমানো এবং মিডিয়ার কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে। বিষয়টি ইতোমধ্যেই ভিওএ কর্মকর্তাদের কাছে জানানো হয়েছে।
    ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ভয়েস অব আমেরিকাকে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এবার শেষ পর্যন্ত সংস্থাটির কার্যক্রমে লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে তারা।

    ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে।

    তবে, কর্মচারীদের ইউনিয়ন সরকারের এ পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচারমাধ্যমে পরিণত হয়েছে। টেলিভিশন, রেডিও ও অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৫০টি ভাষায় সংবাদ সম্প্রচার করে ভয়েস অব আমেরিকা।

    ইউএসএজিএম জানায়, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে। এর মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার, যেখানে শেষ পর্যন্ত মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

    এর আগে, গত জুন মাসে কারি লেক ঘোষণা দিয়েছিলেন, ৬৩৯ কর্মীকে ছাঁটাই করা হবে। তবে, কাগজপত্রে ত্রুটির কারণে নোটিশগুলো পরে প্রত্যাহার করা হয়। এই ছাঁটাই ঠেকাতে মামলা করেছিলেন কিছু সংবাদকর্মী। 

    বিবিসি বলছে, আদালতের এক রায়ের পরপরই গত শুক্রবার রাতে নতুন করে এই ছাঁটাই উদ্যোগের ঘোষণা আসে। ওই রায়ে বলা হয়েছিল, ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি। আদালত লেককে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ারও নির্দেশ দেন।

    অবশ্য একদল কর্মচারী ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ঠেকাতে মামলাটি করেছিলেন। তারা এক বিবৃতিতে বলেন, আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি। আমরা আশা করছি আদালতে তার জবানবন্দিতে প্রকাশ পাবে, তিনি কংগ্রেসনির্ধারিত নিয়ম মেনে সংস্থাটিকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কি না। এখন পর্যন্ত তার প্রমাণ আমরা দেখিনি। তাই আইনের আওতায় আমাদের অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।

    ভয়েস অব আমেরিকার অধিকাংশ সাংবাদিকই মূলত চলতি বছরের মার্চ মাস থেকে প্রশাসনিক ছুটিতে আছেন। তবে, ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হলে কিছু ফারসি ভাষার সাংবাদিককে কাজে ডাকা হয়। এ ছাড়া কিউবা সম্প্রচার বিভাগে (যা মায়ামি থেকে স্প্যানিশ ভাষায় সংবাদ প্রচার করে) কর্মরত সাংবাদিকদের ওপর এই ছাঁটাই প্রযোজ্য হবে না।

    সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় এক আঘাত এবং এটা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। বরাবরই ভয়েস অব আমেরিকাকে ‘ট্রাম্পবিরোধী’ ও ‘উগ্র’ হিসেবে অভিযুক্ত করে আসছে বর্তমান মার্কিন প্রশাসন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন