শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, পানি জসিম আটক

রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, পানি জসিম আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় ফার্মেসিতে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের ঘটনায় জড়িত প্রধান আসামি মো. জসিম উদ্দিন ওরফে পানি জসিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের পুবাইল থানার ভাদুন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করে র‌্যাব। তবে অস্ত্রসহ এক সহযোগী পালিয়ে যায়।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১২টায় উত্তরা র‌্যাব-১ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট সকালে কালো গেঞ্জি পরা জসিম ও তার সহযোগী মোটরসাইকেলে করে টিবি গেট এলাকায় আসে। পরে চাঁদপুর ড্রাগ হাউজ নামক একটি ফার্মেসিতে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জসিমকে শনাক্ত করে র‌্যাব। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, পূর্বে ওই ফার্মেসি থেকে চাঁদা দাবি করেছিল, কিন্তু না পাওয়ায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, পেশায় পানি ব্যবসায়ী জসিম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে জুলাই অভ্যুত্থানের পর মহাখালী-বনানী এলাকায় বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বনানী থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানিয়েছে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন