রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj

ভিজিট ভিসা নীতিতে বড় পরিবর্তন আনলো কুয়েত

ভিজিট ভিসা নীতিতে বড় পরিবর্তন আনলো কুয়েত
ছবি: সংগৃহিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুয়েত সরকার তাদের ভিজিট ভিসা নীতিতে বড় ধরনের শিথিলতা এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে দর্শনার্থীরা ভিজিট ভিসায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত কুয়েতে থাকতে পারবেন। এর আগে এ ভিসার মেয়াদ ছিল সীমিত সময়ের, যা এখন দীর্ঘমেয়াদে রূপ নিচ্ছে।

এই নিয়মটি মূলত পর্যটক ও পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে নতুন এ নিয়মে কিছু নির্দিষ্ট শর্তও যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে:

ভিসার ধরন অনুযায়ী আবেদন প্রক্রিয়া এবং মেয়াদ নির্ধারণ
স্পনসরের উপস্থিতি ও প্রয়োজনীয়তা
কুয়েতি কর্তৃপক্ষের অনুমোদন
প্রবেশ ও অবস্থানের নির্দিষ্ট বিধিনিষেধ


এই পরিবর্তনের ফলে এখন আগ্রহীরা দীর্ঘ সময় ধরে পরিবার-পরিজনের সঙ্গে থাকতে পারবেন বা পর্যটন ও ব্যবসায়িক উদ্দেশ্যে কুয়েত ভ্রমণ আরও সহজ হবে।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব টাইমসের।

বলা হচ্ছে, এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্যও স্বস্তির। অপরদিকে দেশটিতে আরও পর্যটক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে।

শেখ ফাহাদ বলেন, আমরা একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি। কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য। ভিসা সংক্রান্ত ফি নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নতুন নীতির আওতায় ভিজিট ভিসাধারীদের পরিবহনে এয়ারলাইন্সগুলোর ওপর জারি করা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। এত দিন পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সেই যাতায়াত করতে হতো। এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্স এ ভিসাধারী যাত্রীদের বহন করতে পারবে।

এদিকে বাংলাদেশিরা চলতি সপ্তাহে একটি স্বস্তির খবর পেয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হয়েছে ‘ভিসা সত্যায়ন ব্যবস্থা’, যার মাধ্যমে কুয়েত আগমনের আগেই শ্রমিকদের জন্য নিয়োগকর্তার প্রকৃততা যাচাই করা হচ্ছে।

এই ব্যবস্থায় কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধিদল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। সবকিছু যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে এই পদ্ধতির মাধ্যমে বহু বাংলাদেশি কর্মী প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন