চোরাই ফোন ও প্রতারণা এড়াতে কেনার আগে যা যাচাই জরুরি

নতুন স্মার্টফোনের দাম বাড়ায় অনেকেই এখন রিফার্বিশড বা ব্যবহৃত ফোন কিনতে আগ্রহী হচ্ছেন। তবে অনলাইন মার্কেটপ্লেস কিংবা দোকান থেকে পুরোনো ফোন কেনার ক্ষেত্রে চোরাই পণ্য ও প্রতারণার ঝুঁকি থাকে। এসব ঝুঁকি এড়াতে ফোনের আইএমইআই নম্বর সংগ্রহ করে কেনার আগেই তা যাচাই করার পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।
আইএমইআই নম্বরের মাধ্যমে ফোনের পরিচয় ও ব্যবহারসংক্রান্ত কিছু তথ্য যাচাই করা যায়। ফোনের কিপ্যাডে *#06# ডায়াল করলেই সাধারণত এই নম্বর দেখা যায়।
আইএমইআই নম্বর কী
আইএমইআইয়ের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রতিটি মোবাইল ফোনের জন্য বরাদ্দ থাকে ১৫ অঙ্কের একটি স্বতন্ত্র নম্বর। একাধিক ফিজিক্যাল সিম ব্যবহারের সুবিধা থাকা ফোনে প্রতিটি সিমের জন্য আলাদা আইএমইআই নম্বর থাকতে পারে।
মোবাইল নেটওয়ার্কে ফোন শনাক্ত ও নিবন্ধনের কাজে এই নম্বর ব্যবহার করা হয়। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সংশ্লিষ্ট নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আইএমইআই নম্বরের মাধ্যমে সেটি ব্ল্যাকলিস্ট করার অনুরোধ জানানো যায়।
যেভাবে আইএমইআই নম্বর খুঁজে পাবেন
ফোনের আইএমইআই নম্বর জানার কয়েকটি উপায় রয়েছে। ফোনের কিপ্যাডে *#06# ডায়াল করলে পর্দায় নম্বরটি দেখা যায়। এ ছাড়া ফোনের সেটিংস, মূল বক্স বা প্যাকেজিং, কাগুজে কিংবা ডিজিটাল কেনাকাটার রসিদ এবং নেটওয়ার্ক সেবাদাতার অ্যাকাউন্ট থেকেও নম্বরটি পাওয়া যেতে পারে।
এসব জায়গায় নম্বর না পেলে সংশ্লিষ্ট মোবাইল নেটওয়ার্ক সেবাদাতার গ্রাহকসেবা বিভাগের সহায়তা নেওয়া যায়।
কেনার আগে বিক্রেতার কাছে নম্বর চাইবেন কেন
নতুন কিংবা ব্যবহৃত—যেকোনো ফোন কেনার সময় বিক্রেতার কাছ থেকে আইএমইআই নম্বর সংগ্রহ করা উচিত। নম্বরটি যাচাই করে ফোনটি হারানো বা চুরি যাওয়ার অভিযোগে চিহ্নিত কি না এবং নির্দিষ্ট নেটওয়ার্কে ব্যবহারের উপযোগী কি না, সে বিষয়ে ধারণা পাওয়া যায়।
অনলাইন মার্কেটপ্লেসে কোনো বিক্রেতা আইএমইআই নম্বর দিতে অস্বীকার করলে সতর্ক হওয়া জরুরি। কারণ, চোরাই ফোন বিক্রির উদ্দেশ্যেও এমনটি করা হতে পারে।
আইএমইআই নম্বর জানলেই কোনো ফোন হ্যাক বা ট্র্যাক করা যায় না। তবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বিক্রেতা নম্বরটি প্রকাশ্যে না দিয়ে সম্ভাব্য ক্রেতাকে ব্যক্তিগত বার্তায় দিতে পারেন। এ ক্ষেত্রে ক্রেতারও নম্বর আদান-প্রদানের কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষণ করে রাখা ভালো।
নম্বর পাওয়ার পর যা করবেন
আইএমইআই নম্বর পাওয়ার পর সেটি বৈধ কি না এবং ফোনটি চুরি বা হারানোর অভিযোগে নথিভুক্ত আছে কি না, তা যাচাই করতে হবে। এ জন্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিনা মূল্যে কিংবা নির্ধারিত ফি দিয়ে যাচাইয়ের সুযোগ রয়েছে।
তবে যেকোনো ওয়েবসাইটে নম্বর দেওয়ার আগে সেটির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট এড়িয়ে চললে ফিশিং ও তথ্য চুরির ঝুঁকি কমানো সম্ভব।