বাংলাদেশিসহ ৫৩ জনকে মারধর করে পুশব্যাক

বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের ৫৩ অভিবাসনপ্রত্যাশীকে মারধরের পর বসনিয়া-হারজেগোভিনায় ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে। চলতি সপ্তাহের শুরুতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা এসওএস বলকান রুট। তবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ।
মানবাধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের জোর করে বসনিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে ফেরত পাঠাচ্ছে ক্রোয়েশিয়ার পুলিশ। তবে দেশটির কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
এসওএস বলকান রুট এক বিবৃতিতে জানিয়েছে, ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে মারধর করে জোরপূর্বক বসনিয়ায় পাঠিয়েছে ক্রোয়েশিয়ার পুলিশ। এ ঘটনায় পাঁচজনের হাত-পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। অভিবাসনপ্রত্যাশীদের বর্ণনা অনুযায়ী, মুখোশ পরা ক্রোয়েশিয়ার পুলিশের প্রায় ১৫ সদস্য নড়াচড়া করা প্রত্যেককে মারধর করেন। সাম্প্রতিক মাসগুলোতে নথিভুক্ত সীমান্ত সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম নৃশংস বলে উল্লেখ করেছে সংস্থাটি।
শনিবার ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই পুলিশ এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। তাঁর ভাষ্য, এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই। বসনিয়ার কর্তৃপক্ষ, বিশেষ করে দেশটির পুলিশের কাছ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
এসওএস বলকান রুটের প্রতিষ্ঠাতা পেতার রোসানদিচ বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে এ ধরনের সহিংসতা পদ্ধতিগত রূপ নিয়েছে।
তিনি এএফপিকে বলেন, ‘ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ, গণমাধ্যম, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রিয়ার রাজনীতিবিদেরা আর এ ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে পারেন না।’
সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ৫৩ জনের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু ছিলেন। বসনিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার ছয়টি পৃথক দল থেকে তাঁদের খুঁজে পাওয়া যায়।
ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম বহিঃস্থ স্থলসীমান্তগুলোর একটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ক্রোয়েশিয়া। বলকান অঞ্চল দিয়ে ইইউতে প্রবেশের চেষ্টাকারী অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য দেশটি গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট রুট।
ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, গত বছর বলকান রুটে ১২ হাজার ৫০০টির বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস