‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরার একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, গ্রুপটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। এমনকি শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল গ্রুপের আলোচনায়।
জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় মামলাও রয়েছে।