বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা জারি করা হয় বলে বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখতে হবে। অর্থাৎ ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে কোনো শিথিলতা রাখা যাবে না।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে তল্লাশি, টহল ও নজরদারি বাড়িয়ে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন