বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়েবাড়িতে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু নাক্রাইপাড়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, সোলার প্যানেল স্থাপন করল সেনাবাহিনী মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ  শিশুদের জীবন রক্ষায় জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপ চাই পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড়
  •  শিশুদের জীবন রক্ষায় জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপ চাই

     শিশুদের জীবন রক্ষায় জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপ চাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশুদের জন্য হাম ও ডেঙ্গু এখন বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। বছরের শুরুতে দেশে হামের সংক্রমণ দেখা দেওয়ার পর ধীরে ধীরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে মৃত্যুর ঘটনাও। গত সাত মাসে হামে প্রাণ হারিয়েছে ১ হাজার ২০০ শিশু। একটি শিশুর মৃত্যুও যেখানে গভীর উদ্বেগের কারণ, সেখানে এত বিপুলসংখ্যক শিশুর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

    পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে শিশুদের মধ্যে একই সময়ে হাম ও ডেঙ্গুর সংক্রমণ দেখা দেওয়ায়। দুটি রোগের সম্মিলিত প্রভাবে শিশুদের শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। দেখা দিচ্ছে মস্তিষ্কে প্রদাহ, তীব্র শ্বাসকষ্ট ও গুরুতর নিউমোনিয়ার মতো জটিলতা। সম্প্রতি চট্টগ্রামে মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়েছেন এক মা-বাবা। এমন মর্মান্তিক ঘটনা আমাদের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা ও প্রস্তুতির অভাবকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

    এত শিশুর প্রাণহানির পরও যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যথাযথ দায়বদ্ধতা দেখা না যায়, তাহলে পরিস্থিতির উন্নতি আশা করা কঠিন। শিশুদের মৃত্যুকে কেবল পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কেন এত শিশু আক্রান্ত হলো, সময়মতো টিকা দেওয়া সম্ভব হলো না কেন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোথায় ঘাটতি ছিল—এসব প্রশ্নের জবাব খুঁজে বের করা জরুরি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে।

    হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতা বাড়ানো এবং প্রতিটি শিশুকে সময়মতো টিকার আওতায় আনা গেলে এ রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই টিকাদান কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়ে আসছিলেন। কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ যথাসময়ে নেওয়া হয়নি বলেই বর্তমান পরিস্থিতি এতটা ভয়াবহ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় টিকাদানের ঘাটতি দূর করা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সংক্রমণ প্রমাণ করে, দেশের নিয়মিত টিকাদান ব্যবস্থায় কোথাও না কোথাও বড় ধরনের দুর্বলতা রয়েছে।

    অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধেও আমাদের প্রস্তুতি সন্তোষজনক নয়। এডিস মশার বংশবিস্তার রোধে সারা বছর কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন থাকলেও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনেক সময় কেবল ডেঙ্গুর মৌসুমেই তৎপর হতে দেখা যায়। এভাবে সাময়িক অভিযান চালিয়ে মশার বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে জনসচেতনতা বাড়াতে হবে।

    বর্তমান পরিস্থিতি আমাদের স্বাস্থ্যসেবার সামগ্রিক দুর্বলতাকেও সামনে এনেছে। কেবল হাসপাতাল নির্মাণ কিংবা চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করা যায় না। প্রয়োজন শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা, কার্যকর রোগ পর্যবেক্ষণব্যবস্থা, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি। বিশেষ করে শিশুদের চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে।

    স্বাস্থ্যমন্ত্রী শিশু মৃত্যুর দায় নিজের কাঁধে নেওয়ার কথা বললেও স্বাস্থ্য বিভাগের কোথায় কী ধরনের ব্যর্থতা ছিল, তা স্পষ্ট করা প্রয়োজন। দায় স্বীকারের পাশাপাশি ব্যর্থতার কারণ চিহ্নিত করে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। শুধু আশ্বাস কিংবা প্রতিশ্রুতি দিয়ে এই সংকটের সমাধান হবে না।

    শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের জীবন রক্ষায় অবহেলা করার কোনো সুযোগ নেই। হাম ও ডেঙ্গুর দ্বিমুখী আক্রমণ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে হলে টিকাদান কর্মসূচি জোরদার, ডেঙ্গু নিয়ন্ত্রণ, চিকিৎসাব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিচ্ছিন্ন বা সাময়িক উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা। আর একটি শিশুর প্রাণও যেন প্রতিরোধযোগ্য রোগে ঝরে না যায়, সেই লক্ষ্য নিয়েই এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ