রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড়

আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ ১০ ধরনের পণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করা যাবে। এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিট—দুই ধরনের সুবিধাই নেওয়া যাবে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ এই সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন ব্যবস্থায় আমদানিকারকেরা পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। ফলে আমদানির সময় একসঙ্গে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা পরিশোধের প্রয়োজন হবে না। এতে ব্যবসায়ীদের কার্যকরী মূলধনের ওপর চাপ কমবে এবং আগেভাগে পণ্য আমদানির সুযোগ তৈরি হবে।
সাধারণত রমজানের আগে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বেড়ে যায়। বাড়তি চাহিদা মেটাতে আমদানিকারকেরা এ সময় পণ্য আমদানির উদ্যোগ নেন। তবে আন্তর্জাতিক বাজারে দাম, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে অর্থায়ন সংকট তৈরি হয়। বিশেষ করে ঋণপত্র (এলসি) খোলা ও পণ্যের মূল্য পরিশোধে বাড়তি অর্থের প্রয়োজন পড়ে।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে রমজানের আগেই প্রয়োজনীয় পণ্য আমদানি সহজ করতে নতুন সুবিধা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে উল্লেখ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। এসব পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।
সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের আওতায় বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্যের মূল্য পরিশোধে অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আগেভাগেই আমদানির সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য ১০টি পণ্য আমদানিতে ৯০ দিন মেয়াদি বায়ার্স ও সাপ্লায়ার্স ক্রেডিটের সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানিকারকেরা পণ্য আনার পর ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
তিনি বলেন, আগাম আমদানির সুযোগ দেওয়ার মূল উদ্দেশ্য বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং রমজানে মূল্যবৃদ্ধির চাপ কমানো। পণ্যগুলো সাশ্রয়ী দামে আমদানি করা সম্ভব হলে সাধারণ মানুষও তুলনামূলক কম দামে কিনতে পারবেন। মূল্যস্ফীতির কারণে মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, রমজানে তা আরও বাড়ুক, বাংলাদেশ ব্যাংক তা চায় না। মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এ সুবিধা দেওয়া হয়েছে।
পণ্যের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে আরিফ হোসেন খান বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে বাজারে দাম বেড়ে যায়। এ কারণে আগেভাগেই সার্কুলার জারি করা হয়েছে, যাতে আগ্রহী আমদানিকারকেরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। তাঁরা পর্যাপ্ত পণ্য আমদানি করতে পারলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নির্দেশনাটি আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে। তবে আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
রমজান সামনে রেখে প্রতিবছরই দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ ও খেজুরের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি থাকে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমদানি না বাড়লে সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে। এতে বাজারে দাম বাড়ার আশঙ্কাও থাকে।
তবে আমদানিতে অর্থায়নের সুবিধা বাড়লেই বাজারে পণ্যের দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। আমদানিকারকেরা এ সুযোগ কাজে লাগিয়ে কতটা পণ্য আমদানি করছেন, সেগুলো সময়মতো বাজারে পৌঁছাচ্ছে কি না এবং পাইকারি ও খুচরা পর্যায়ে বাজার ব্যবস্থাপনা কেমন থাকছে—এসব বিষয়ের ওপরই শেষ পর্যন্ত এ উদ্যোগের সুফল নির্ভর করবে।