বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

    গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নথিপত্র ছাড়া ও অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের দায়ে আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের পুনর্বাসনে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

    শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশিরা শীর্ষ অবস্থানে রয়েছেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

    তিনি বলেন, অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপের দেশগুলো ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে।

    শরিফুল হাসানের ভাষ্য, ইউরোপে যাওয়ার আশায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেও অনেকে শেষ পর্যন্ত কোনো সুফল পাচ্ছেন না। অথচ অনেকের ধারণা, যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে। এই ভুল ধারণা থেকে মানুষকে বের করে আনতে হবে।

    ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন বলে জানান শরিফুল হাসান। তাঁর মতে, বিদেশগামীদের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে।

    এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে বিশেষ ফ্লাইটে আরও ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।

    নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এ প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

    শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর তাঁদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন