বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
  • বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা

    বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন।

    বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়নি। আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে।

    স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    হুমায়ুন কবীর বলেন, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই তিনি দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

    প্রধানমন্ত্রীর সফরের শুরুতে তুরস্কের আতিথেয়তার বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময় তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আনতালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

    হুমায়ুন কবীরের ভাষ্য অনুযায়ী, এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রীকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

    বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, এ খাতে তুরস্কের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

    জ্বালানি খাতে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এ বিষয়ে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে। এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী বলে জানান প্রতিমন্ত্রী।

    রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। হুমায়ুন কবীর বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে দুই নেতা কথা বলেছেন। চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর যৌথ উদ্যোগ কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে মত দিয়েছেন দুই নেতা।

    এ ছাড়া মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে।

    জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পক্ষে বাংলাদেশ নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজেদের অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও বাংলাদেশ সক্রিয় রয়েছে।

    কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন জানিয়ে তিনি বলেন, জলবায়ু অভিযোজন, অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

    হুমায়ুন কবীর আরও বলেন, কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের মধ্যে বাছাই করা কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন।

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ বেড়েছে।

    বৈঠকে তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান হুমায়ুন কবীর।

    প্রতিমন্ত্রী জানান, বুধবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

    সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন