ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ

সিনেমার ব্যস্ততা কাটিয়ে আবারও ওটিটিতে ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নির্মাতা ইমরাউল রাফাতের নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে দেখা যাবে তাঁকে। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে ক্যামেলিয়া নামের ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত ছবিতে বিয়ের সাজে ফারিণের হাতে দেখা গেছে পিস্তল। অন্য একটি ছবিতে তাঁর পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। ফার্স্টলুকের এই ব্যতিক্রমী সাজ ও চরিত্রগুলোর উপস্থিতি সিরিজটির গল্প নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
‘ডাকাতিয়া বাঁশি’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। থ্রিলার কিংবা মার্ডার মিস্ট্রির প্রচলিত ধারার বাইরে গিয়ে ডার্ক কমেডির গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ইমরাউল রাফাত।
সিরিজে নিজের চরিত্র সম্পর্কে ফারিণ বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনও কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার।’
কাজটি বেছে নেওয়ার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, ওটিটিতে থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার কাজ অনেক হচ্ছে। তাই এবার একটু ভিন্ন ধরনের গল্পে অভিনয় করতে চেয়েছেন তিনি। দর্শকদের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও কাজটি তাঁর কাছে নতুন অভিজ্ঞতা হবে।
নির্মাতা ইমরাউল রাফাতের কাছেও সিরিজটি বিশেষ। গল্পের বিন্যাস ও প্রতিটি পর্বের ধারাবাহিকতা ধরে রাখতে বেশ যত্ন নিতে হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষায়, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে।’
ডার্ক কমেডি ঘরানার গল্প নির্মাণের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন পরিচালক। এটি তাঁর পরিচিত ঘরানা হলেও সিরিজটির কাজ সহজ ছিল না বলে জানান তিনি।
সিরিজে পার্থ শেখের চরিত্রেও থাকছে ভিন্নতা। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন এই তরুণ অভিনেতা। ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় আলাদা হবে বলে জানিয়েছেন তিনি।
গান ও অভিনয়—দুই মাধ্যমেই পরিচিত আরফান মৃধা শিবলুকে ফার্স্টলুকে বন্দুক হাতে দেখা গেছে। তবে নিজের চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি। শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম।’
সিরিজে পারিবারিক আবহও রয়েছে বলে জানান শিবলু। তাঁর মতে, গল্পে পরিবারের উপস্থিতি কাজটির প্রতি ভালো লাগার অন্যতম কারণ।
‘ডাকাতিয়া বাঁশি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ আরও অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।