ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা

হায়েজ, মাসিক বা ঋতুস্রাব নারীদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ সময় ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী নারীদের নামাজ ও রোজা পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মাসিক চলাকালে আজানের জবাব দেওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামী বিধান অনুযায়ী, ঋতুস্রাব চলাকালেও আজানের জবাব দেওয়া জায়েজ। এতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আলেমরা। তাই এ সময় আজানের জবাব দেওয়া নিষিদ্ধ—এমন ধারণা সঠিক নয়।
এ বিষয়ে এক নারী জানতে চেয়েছেন, তিনি নিয়মিত গুরুত্বের সঙ্গে আজানের জবাব দেন। মাসিক চলাকালেও এ আমল অব্যাহত রাখেন। তবে তাঁর স্বামী এ সময় আজানের জবাব দিতে নিষেধ করেন। এ অবস্থায় ঋতুস্রাব চলাকালে আজানের জবাব দেওয়া যাবে কি না, তা জানতে চান তিনি।
আলেমদের মতে, মাসিক চলাকালে নারীরা আজানের জবাব দিতে পারবেন। কারণ, ঋতুস্রাবের সময় নামাজ আদায় ও রোজা রাখা থেকে বিরত থাকতে হলেও দোয়া, জিকির-আজকারের মতো আমল করা নিষিদ্ধ নয়। ফলে আজানের জবাব দেওয়ার ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা নেই।
ইসলামী শরিয়তে ঋতুস্রাবের সর্বনিম্ন সময় তিন দিন এবং সর্বোচ্চ সময় ১০ দিন বলে উল্লেখ করা হয়েছে। এই সময়ে নারীদের নামাজ আদায় করতে হয় না এবং রমজানের রোজাও রাখতে হয় না। তবে রমজানে বাদ পড়া রোজা পরে কাজা করতে হয়, নামাজ কাজা করতে হয় না।
ঋতুস্রাবের রক্তপাত ১০ দিনের বেশি স্থায়ী হলে আগের নিয়মিত অভ্যাস অনুযায়ী হায়েজের সময় নির্ধারণ করে পরবর্তী সময়কে ইস্তিহাজা হিসেবে গণ্য করার বিধান রয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়া উচিত।