বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য

    মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্প শিক্ষা ঋণ ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামের এ ব্যবস্থায় প্রচলিত ঋণের মতো সুদ নেওয়া হবে না। এর পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে নেওয়া হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে শুরুর তারিখ ঘোষণা করেনি।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ ব্যবস্থার মূল লক্ষ্য হলো ধর্মীয় কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষা ঋণ নিতে অনিচ্ছুক মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো। যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সম্ভাব্য শিক্ষার্থীদের এ কর্মসূচি সম্পর্কে জানাতে শুরু করেছে। তবে ধর্মের ভিত্তিতে আলাদা আর্থিক ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়ে দেশটিতে বিতর্কও দেখা দিয়েছে।

    যেভাবে কাজ করবে বিকল্প ঋণ ব্যবস্থা

    প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত ঋণের মতো সুদ আরোপ করা হবে না। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের পারস্পরিক সহযোগিতার নীতির ভিত্তিতে শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেবেন। এই অর্থ আলাদা তহবিলে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে একই কর্মসূচির আওতায় ঋণ নেওয়া শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে।

    প্রচলিত শিক্ষা ঋণের ক্ষেত্রে সুদ ও কিস্তির অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয়। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থ আলাদা তহবিলে রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মোট পরিশোধযোগ্য অর্থ প্রচলিত ঋণ ব্যবস্থার সমপর্যায়ে রাখার কথা বলা হয়েছে।

    সরকার জানিয়েছে, এ কর্মসূচি শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ থাকবে না; সব ধর্মের শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবেন। বিকল্প ব্যবস্থা বেছে নিলে কেউ বাড়তি সুবিধা বা কম খরচে ঋণ পাবেন না। প্রচলিত ব্যবস্থার মতোই অর্থ পরিশোধের পরিমাণ ও সময়সূচি প্রযোজ্য হবে।

    যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের ভাষ্য, বিকল্প অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে—এমন ধারণা সঠিক নয়। সরকারের বক্তব্য অনুযায়ী, দুই ব্যবস্থাতেই শিক্ষার্থীদের নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। বিকল্প ব্যবস্থায়ও সুদের সমপরিমাণ অর্থের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

    ইউনিভার্সিটি অব ব্রিস্টল এ ব্যবস্থাকে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারি ঋণ’ হিসেবে উল্লেখ করেছে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জেস ও নিউক্যাসল ইউনিভার্সিটিও সম্ভাব্য শিক্ষার্থীদের এ বিষয়ে তথ্য দিয়েছে। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি ব্যবস্থাটিকে শরিয়াহসম্মত হিসেবে সনদপ্রাপ্ত বলে উল্লেখ করেছে।

    কেন এ উদ্যোগ

    ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে যুক্তরাজ্যের কিছু মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষা ঋণ নিতে আগ্রহী নন। তাঁদের এ উদ্বেগ দূর করতেই বিকল্প অর্থায়ন ব্যবস্থার পরিকল্পনা করেছে সরকার।

    ২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত ব্যবস্থায় কোনো সুদ থাকবে না। এটিকে রাষ্ট্রীয়ভাবে সমর্থিত প্রথম শরিয়াহসম্মত শিক্ষা ঋণ কর্মসূচি হিসেবেও বর্ণনা করা হয়।

    ২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষা ঋণ নিয়ে মানসিক দ্বন্দ্বে ভোগেন। ৭১ শতাংশের মতে, বিদ্যমান ব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।

    তবে প্রচলিত শিক্ষা ঋণ নেওয়া ইসলামে নিষিদ্ধ কি না, সে বিষয়ে আলেমদের মধ্যে একক মত নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের একটি ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে সমর্থন করেছে।

    নতুন ব্যবস্থার পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, এর মাধ্যমে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করেই মুসলিম শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। তবে সরকারের আর্থিক ঝুঁকি এতে পুরোপুরি দূর হবে না। প্রচলিত শিক্ষা ঋণের একটি বড় অংশ শেষ পর্যন্ত আদায় না হওয়ার আশঙ্কা রয়েছে। বিকল্প ব্যবস্থাতেও একই ধরনের ঝুঁকি থাকায় অপরিশোধিত অর্থের বোঝা শেষ পর্যন্ত করদাতাদের ওপর পড়তে পারে।

    এ প্রকল্পের প্রস্তুতিতে সরকার ইতিমধ্যে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এ ব্যবস্থা তৈরিতে সহায়তা করেছে। সমর্থকদের মতে, ধর্মীয় কারণে যারা প্রচলিত ঋণ নিতে চান না, তাঁদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলে এ ব্যয় সার্থক হবে।

    সমালোচকদের আপত্তি

    বিকল্প শিক্ষা ঋণ ব্যবস্থার বিরোধিতা করছেন যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিক। তাঁদের আশঙ্কা, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পৃথক আর্থিক কাঠামো তৈরি হলে সমাজে বিভাজন বাড়তে পারে।

    রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগকে ‘জঘন্য’ ও ‘দ্বি-স্তরীয় ব্যবস্থা’ বলে সমালোচনা করেছেন। দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, এ প্রকল্প একটি বিভক্ত সমাজ ও দ্বৈত শিক্ষা ব্যবস্থা তৈরির ঝুঁকি তৈরি করবে।

    ব্রাভারম্যানের আরও দাবি, শরিয়াহসম্মত ঋণ চালুর ফলে এমন কিছু সমান্তরাল প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, যা ব্রিটিশ সমাজের প্রচলিত জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

    তবে সরকার বলছে, এ উদ্যোগের উদ্দেশ্য কোনো ধর্মীয় গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া নয়। বরং ঋণসংক্রান্ত ধর্মীয় আপত্তির কারণে যারা উচ্চশিক্ষা থেকে দূরে থাকছেন, তাঁদের জন্য প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আরেকটি বিকল্প তৈরি করাই এর লক্ষ্য।

    সূত্র: দ্য টেলিগ্রাফ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন