পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন

পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ওপর ৮১টি হামলা হয়েছে। এ ছাড়া অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩৭৭টি।
পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের চেষ্টা চলছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে প্রচলিত আইনে মামলা করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্রেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টার ব্যবহার করা হয়।
চাঁদাবাজি বন্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, চাঁদাবাজি প্রতিরোধে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি শনাক্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, ছদ্মবেশী সামরিক পোশাক এবং ড্রোন ও সংকেত আদান-প্রদানের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।