কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের মধ্যে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে সমবেত হন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সেখানে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলাপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তাঁর শুভেচ্ছা বিনিময় হয়।
কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু কার্যক্রমে বিভিন্ন দেশের সম্মিলিত উদ্যোগ এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।