শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। দুজনই ইংল্যান্ড থেকে গত ৯ নভেম্বর ঢাকায় এসেছেন। আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্বও পালন করবেন হামজা। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে থাকায় ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই একাদশে রেখেছে বাংলাদেশ।
এদিকে চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে তাঁকে স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছিল। ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম। ভুটানের বিপক্ষে তাঁর করা একমাত্র গোলেই জয় পেয়েছিল বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্ব নিয়েও দেখা যাচ্ছে পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন তপু বর্মণ। কিন্তু ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যান তিনি। পরে অধিনায়কের দায়িত্ব পান জামাল ভূঁইয়া।
এবার একাদশে ফিরেই অধিনায়কের আর্মব্যান্ড পাচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে এর আগে ১১টি ম্যাচ খেললেও জাতীয় দলের অধিনায়কত্ব করেননি তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।