পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখ থেকে জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (মহিলা আসন-২৩) শূন্য হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আসন শূন্য ঘোষণার বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৭ বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারকে উদ্দেশ করে নিজ স্বাক্ষরে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হয়। স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ কার্যকর হয় এবং সংশ্লিষ্ট সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।