পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। সাক্ষাৎ শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
এ সময় সাংবাদিকরা তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি দ্রুত গাড়িতে উঠে সংসদ ভবন ত্যাগ করেন। পরে পদত্যাগ প্রসঙ্গে আবার প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে মিষ্টি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
এদিকে, স্পিকারের কার্যালয় থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।