মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে মুহুরী নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
এর আগে ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল আলম মজনু প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রকল্পটির আওতায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মুহুরী নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে।