রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাকিবুল হাসানের জামিনের জন্য আগের দিন আবেদন করা হয়েছিল। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, রাকিবুল হাসান মামলার ঘটনার সঙ্গে জড়িত নন। রিমান্ডে নেওয়ার পরও রাষ্ট্রদ্রোহের অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ আদালতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি বলে তিনি দাবি করেন। মামলায় তাকে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন আসামিপক্ষের আইনজীবী।
মামলাটিতে এর আগে রাকিবুল হাসানকে প্রথমে পাঁচ দিন এবং পরে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তী সময়ে মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান ফেসবুকে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় রাষ্ট্র ও সরকারবিরোধী বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
এ ঘটনার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।