ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রেসার অপারেটেড রিলিফ ভাল্ব (পিওআরভি) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ত্রুটি শনাক্ত হওয়ার পর মেরামত শেষে নির্ধারিত কারিগরি ও নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে এ পরীক্ষা চালানো হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রোসাটমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে পরীক্ষা শুরু হয়ে বুধবার সকালে তা শেষ হয়। রূপপুর কেন্দ্রের প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—দুই স্থান থেকেই পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নিয়ন্ত্রণ ভাল্বের কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।
পরীক্ষার সময় ভাল্বের স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, অ্যালার্ম এবং অন্যান্য সংশ্লিষ্ট কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। পুরো পরীক্ষা অনুমোদিত পদ্ধতি ও নির্ধারিত নিরাপত্তা শর্ত মেনেই পরিচালিত হয়েছে বলে জানিয়েছে রোসাটম।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) এক কর্মকর্তা জানান, ভাল্বের ত্রুটি সমাধানে রাশিয়া থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ২২ সেপ্টেম্বর রূপপুরে আসে। বাংলাদেশি ও রুশ বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে সমস্যাটি সমাধান করা হয়।
ওই কর্মকর্তা জানান, পরীক্ষার প্রথম ধাপে ১৬ মেগাপাসকেল চাপ প্রয়োগ করা হয়েছে। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। মেগাপাসকেল চাপ পরিমাপের একটি একক। ১৬ মেগাপাসকেল প্রায় ১৫৮ গুণ বায়ুমণ্ডলীয় চাপের সমান।
কমিশনিং দলের পক্ষ থেকে প্রতিটি ধাপের পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও যাচাই করার পর পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে দ্বিতীয় ইউনিটের সংশ্লিষ্ট পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ১১ সেপ্টেম্বর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রথম ইউনিটের পরীক্ষার সময় টারবাইনের একটি গুরুত্বপূর্ণ ভাল্বে ত্রুটি ধরা পড়ে। তাপমাত্রা বাড়লে ভাল্বটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় চুল্লির পরবর্তী ট্রায়াল কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। সমস্যা সমাধানে রাশিয়া থেকে নতুন ভাল্ব তৈরির পাশাপাশি বিশেষজ্ঞ দল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
এদিকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সরবরাহের কার্যক্রমও শুরু হচ্ছে। বৃহস্পতিবার দ্বিতীয় ইউনিটের জ্বালানির প্রথম চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একাধিক চালানে দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হবে।