বাস পুড়িয়ে ভয় দেখানো যাবে না, হুঁশিয়ারি প্রতিমন্ত্রী ইয়াসেরের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাসে আগুন দিয়ে কিংবা কোনো চক্রের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ী মোড় চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। রথখলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করেছে এবং দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার কাজ অব্যাহত থাকবে বলেও দাবি করেন তিনি।
দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, এসব চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বিএনপির নেতা-কর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে। বিএনপির পরিবার জনগণকে নিয়ে এই গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়ন অব্যাহত রাখবে।”
দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার কথা জানিয়ে তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় এনে জনগণের সামনে বিচার করা হবে।”
তিনি আরও বলেন, অতীতে সহিংসতার মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বক্তব্য দেন।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।