বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় জনভোগান্তি বাড়ছে: জামায়াত আমির কিশোর গ্যাংয়ের কথিত নেতা ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪ দ্বিতীয়বার পাসপোর্ট হারালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা বাস পুড়িয়ে ভয় দেখানো যাবে না, হুঁশিয়ারি প্রতিমন্ত্রী ইয়াসেরের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি জাতিসংঘে ভাষণে যেসব মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু, শোকাহত নেইমার ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ আদালত অবমাননার মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর
  • প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি

    প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে দলটি।

    এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানায় দলটি।

    দলটি জানায়, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালায় সংশোধন আনতে হবে।

    মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একজন নাগরিক দেশের ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করলেও তার নাগরিকত্ব এবং নিজ এলাকার সঙ্গে সামাজিক ও নাগরিক সম্পর্ক বহাল থাকে। বিদেশে অবস্থানরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বাস্তব সুযোগ তৈরি হলে দেশের গণতান্ত্রিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।

    তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রতি আস্থাশীল। একই সঙ্গে আশা করি, নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”

    তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণারও দাবি জানিয়েছে দলটি।

    বাংলাদেশ লেবার পার্টির ১০ দফা দাবির মধ্যে রয়েছে—আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব স্তরের নির্বাচনে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা; জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যবহৃত ও প্রস্তাবিত আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোটিং চালু করা; প্রবাসী ভোটারদের এনআইডি ও ভোটার তথ্য যাচাই করে তাদের বাংলাদেশে নিবন্ধিত ভোটার এলাকা, ওয়ার্ড ও সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত করা।

    এ ছাড়া অনলাইন নিবন্ধন, পরিচয় যাচাই, ব্যালট প্রেরণ, ব্যালট ফেরত গ্রহণ, সংরক্ষণ ও গণনার ক্ষেত্রে নিরাপদ, স্বচ্ছ, নিরীক্ষাযোগ্য ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। একই ভোটার যাতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি দেশে উপস্থিত হয়ে পুনরায় ভোট দিতে না পারেন, সে জন্য কার্যকর দ্বৈত ভোট প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

    যেসব স্থানীয় সরকার নির্বাচনের আইনে প্রবাসী ভোটারের পোস্টাল ভোটের বিষয়ে সুস্পষ্ট বিধান নেই, সেসব আইন ও বিধিমালা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন ও ভোটদানের বিষয়ে তথ্য ও নাগরিক সহায়তা দেওয়া এবং এ কার্যক্রম বাস্তবায়নে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশের দাবিও রয়েছে।

    প্রয়োজনে সীমিতসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে প্রবাসী পোস্টাল ভোটিং চালু করে অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের প্রস্তুতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অনিশ্চয়তা দূর করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন