সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ মেলোনির

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ মেলোনির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার রোমে নিজ দল ব্রাদার্স অব ইতালির যুব সংগঠনের জাতীয় উৎসবে দেওয়া বক্তব্যে মেলোনি এসব পরিকল্পনার কথা জানান। আগামী বছর দেশটির সাধারণ নির্বাচনের আগে অভিবাসন ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেলোনি বলেন, ইতালিতে এসে যারা ভবিষ্যৎ গড়তে চান, তাদের ইতালীয় ভাষা শেখা, দেশটির সংস্কৃতি বোঝা এবং স্থানীয় নিয়মকানুনকে সম্মান করা উচিত। স্কুলব্যবস্থার সঙ্গে গুরুতরভাবে মানিয়ে নিতে সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার কথাও জানান তিনি।

সরকার প্রস্তাবগুলো অনুমোদন করার পর সেগুলো আইনে পরিণত করতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে সংসদীয় অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে।

বোরকা পুরো মুখ ও শরীর ঢেকে রাখে, আর নিকাবে সাধারণত মুখ ঢাকা থাকলেও চোখ খোলা থাকে। ইতালিতে বর্তমানে এ দুটি পোশাক সরাসরি নিষিদ্ধ নয়। তবে ১৯৭৫ সালের একটি আইনে এমন হেলমেট বা পোশাক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে—যদি না এর পেছনে যুক্তিসংগত কারণ থাকে।

২০০৮ সালের একটি আদালতের রায়ে ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে পুরো মুখ ঢাকা পোশাক পরার সুযোগ রাখা হয়। তবে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে মুখ দেখানোর বাধ্যবাধকতা রয়েছে।

মেলোনির জোটের অংশ লিগ পার্টি চলতি বছরের শুরুতে এমন একটি আইন প্রস্তাব করেছে, যাতে নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া পরিচয় শনাক্ত করা কঠিন করে এমন হেলমেট বা পোশাক নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। খেলাধুলা বা উপাসনালয়ের মতো কিছু পরিস্থিতিকে এর বাইরে রাখার প্রস্তাব রয়েছে।

এদিকে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা নিয়েও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মেলোনি। তবে ইতালিতে এরই মধ্যে একটি শ্রেণি বা স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের মধ্যে রাখার বিধান রয়েছে। নতুন পরিকল্পনায় এই সীমা কীভাবে পরিবর্তন বা কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বর্তমানে ইতালির স্কুলগুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশ বিদেশি।

মেলোনির ডানপন্থি সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। তবে ২০২৭ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যু দেশটির রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মেলোনির দলের চেয়ে আরও ডানপন্থি হিসেবে পরিচিত ন্যাশনাল ফিউচার দলটি চলতি বছরের জুলাইয়ে স্কুলে বোরকা পরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন